কদমতলীতে বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলীতে বিএনপির এক নেতার নাম ব্যবহার করে বিভিন্ন হাসপাতালের কাছে চাঁদা দাবির অভিযোগে পিয়াস উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ইসলামীয়া হাসপাতাল বাংলাদেশ কর্তৃপক্ষের অভিযোগ, একজন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজনের কথা বলে কয়েক দিন ধরে ফোনে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছিল। একইভাবে দেশ বাংলা, রয়েল ও একটি ডেন্টাল হাসপাতালের কাছেও চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অভিযুক্ত যুবক নিজেকে বিএনপির ওই নেতার আপন চাচাতো ভাই পরিচয় দিয়ে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হাসপাতালের ব্যবসা পরিচালনায় সমস্যা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রথম দিকে বিষয়টি গুরুত্ব না দিলেও বারবার ফোন করে টাকা চাওয়ায় তারা বিএনপির ওই নেতাকে বিষয়টি অবহিত করেন। পরে তাঁর হস্তক্ষেপে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। এ ঘটনায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করে ওই যুবককে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অভিযোগের পক্ষে পাওয়া প্রমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

পুলিশ জানিয়েছে, বিএনপি নেতার নাম ব্যবহার করে চাঁদা দাবির অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *