কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে এবং মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। নড়াইল-১ (৯৩) আসনে মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির প্রচারে এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণ করেন জিয়া পরিষদ কালিয়া উপজেলা, নড়াইলের আহ্বায়ক মোঃ ইকবাল বাহার (বুলবুল)। কর্মসূচির সময় তিনি সাধারণ মানুষের হাতে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট তুলে দেন এবং মাদক সেবন, ক্রয়-বিক্রয়, পরিবহন, সরবরাহ, মজুদ ও ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন।
লিফলেটে বলা হয়, নড়াইল-১ আসনকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এতে আরও বলা হয়, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
লিফলেটে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের এসব কর্মকাণ্ড থেকে সরে এসে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় ধরনের সামাজিক ও নিরাপত্তাজনিত সমস্যা। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নড়াইল-১ আসনকে একটি মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে নড়াইল-১ (৯৩) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের মাদকবিরোধী অবস্থান এবং ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়টিও তুলে ধরা হয়। স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।