কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা: ‘হারপিক নিয়ে আসুন, আমিই টয়লেট পরিষ্কার করব’: কৃষিমন্ত্রী

মোঃআনজার শাহ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগার ও সার্বিক পরিবেশের চরম অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন। পরিদর্শনকালে শৌচাগার বন্ধ থাকা, ফ্যান নষ্ট হয়ে থাকাসহ নানা অব্যবস্থাপনা চোখে পড়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সংক্রান্ত একটি ভিডিও বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

জানা যায়, গত মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় হাসপাতালের শৌচাগারের বেহাল অবস্থা দেখে ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহানকে উদ্দেশ্য করে নিজেই তা পরিষ্কার করার কথা বলেন তিনি। উল্লেখ্য, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন এই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতিও বটে।
ভিডিওতে মন্ত্রীকে বলতে শোনা যায়, “হারপিক নিয়ে আসেন, আমিই টয়লেট ক্লিন করব। যদি আমি পারি, তাহলে আপনার (হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক) কাছে জানতে চাইব, আপনি কেন পারলেন না।”
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, “টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।”

তিনি আরও বলেন, “বাথরুমগুলোর জঘন্য অবস্থা। প্রতিটি ফ্লোরে ছয়টি করে বাথরুম থাকলেও তার মধ্যে পাঁচটিই বন্ধ। অন্তত বাথরুমগুলো তো ঠিক রাখা যেত।” এক পর্যায়ে উচ্চস্বরে তিনি বলে ওঠেন, “আই ওয়ান্ট ক্লিন, রাইট নাউ।”

শুধু শৌচাগারের অপরিচ্ছন্নতা নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজর এড়ায়নি। দীর্ঘদিন ধরে অকেজো পাখাগুলো দ্রুত মেরামতের জন্যও তিনি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক শাহজাহান বলেন, “গণপূর্ত বিভাগকে দ্রুত শৌচাগার মেরামতের জন্য বলা হয়েছে। শৌচাগার পরিচ্ছন্নতার কাজে ১১ জন সরকারি কর্মচারী ও ৬৩ জন আউটসোর্সিং কর্মচারী নিয়োজিত আছেন, যারা পুরো হাসপাতাল পরিচ্ছন্ন রাখার দায়িত্বে রয়েছেন। তাদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *