অনলাইন ডেস্ক:
বিস্কুট, চকোলেট ও বিভিন্ন কনফেকশনারি পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেডের বিরুদ্ধে ১২০ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ১২১ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগে মামলা করেছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা)। প্রতিষ্ঠানটির পাশাপাশি এর সহযোগী কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এ অভিযোগ আনা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা পড়া অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে ভ্যাট ফাঁকি ও জালিয়াতির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ভ্যাট গোয়েন্দা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গোয়েন্দা সংস্থার প্রতিবেদন ইতোমধ্যে গাজীপুর ভ্যাট কমিশনারেটে পাঠানো হয়েছে।
কোতোয়ালি ও গাজীপুরভিত্তিক কোকোলা ফুডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শুকুর মিয়া। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর ছেলে নোমান মিয়া ও মো. আবু সাঈদ।
পাঁচ বছরে ভ্যাট ফাঁকি ২৩ কোটি টাকার বেশি
ভ্যাট গোয়েন্দার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে কোকোলা ফুড ৯৪৫ কোটি ১ লাখ ৯৪ হাজার ৮৯৬ টাকার পণ্য বিক্রি করেছে। এর মধ্যে ৪৭ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ৭০৯ টাকার বিক্রির তথ্য গোপন করা হয়েছে। এতে সুদসহ ৯ কোটি ৯৬ লাখ ৬৭ হাজার ১৫৯ টাকা ভ্যাট ফাঁকি হয়েছে বলে হিসাব করা হয়েছে।
এ ছাড়া পণ্য কেনাকাটা ও বিভিন্ন খাতে ব্যয়ের বিপরীতে উৎসে ভ্যাট পরিশোধেও অনিয়ম পাওয়া গেছে। ওই পাঁচ বছরে প্রযোজ্য উৎসে মূসক ছিল ১২ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৫৩৪ টাকা। এর বিপরীতে পরিশোধ করা হয়েছে মাত্র ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫৬৪ টাকা। বকেয়া ১০ কোটি ৮৫ লাখ ১ হাজার ৯৭০ টাকা, সুদসহ যার পরিমাণ ১২ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার ৮০১ টাকা।
পাশাপাশি প্রতিষ্ঠানটির স্থান ও স্থাপনা ভাড়ার বিপরীতেও ৯৭ লাখ ২৮ হাজার ৫১৯ টাকা ভ্যাট পরিশোধ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে পাঁচ বছরে সুদসহ কোকোলা ফুডের ২৩ কোটি ৪৯ লাখ ৩৯ হাজার ৪৭৮ টাকার ভ্যাট ফাঁকি শনাক্ত করেছে ভ্যাট গোয়েন্দা।
পাঁচ প্রতিষ্ঠানের ১৯ ব্যাংক হিসাবে ৬৪৬ কোটি টাকার লেনদেন
দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়েছে, কোকোলা ফুডের মালিকদের নিয়ন্ত্রণে ভ্যাট নিবন্ধনহীন আটটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের নামে ভুয়া ঠিকানা ব্যবহার করে ট্রেড লাইসেন্স ও ব্যাংক হিসাব খোলা হলেও কোনো ভ্যাট রিটার্ন জমা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
ভ্যাট গোয়েন্দা পাঁচটি প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে মোট ৬৪৬ কোটি ১ লাখ ৩০ হাজার ৯৬১ টাকা জমার তথ্য পেয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে এই অর্থকে মূল প্রতিষ্ঠানের গোপন বিক্রির আয় হিসেবে বিবেচনা করে ১৫ শতাংশ হারে ৯৬ কোটি ৯০ লাখ ১৯ হাজার ৬৪৪ টাকা ভ্যাট ফাঁকি হিসাব করা হয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ২(৯৭) ধারা অনুযায়ী অভিন্ন স্বার্থে পরিচালিত হওয়ার কারণে আটটি প্রতিষ্ঠানের মধ্যে সাতটিকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ইউনিক ট্রেডার্স। পুরানা পল্টনের একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে প্রতিষ্ঠানটির নামে বিভিন্ন ব্যাংকে খোলা নয়টি হিসাবে ৪৪৪ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৬৪৬ টাকা জমা হয়েছে। এর বিপরীতে ভ্যাট ফাঁকি হিসাব করা হয়েছে ৬৬ কোটি ৬২ লাখ ৫৪ হাজার ৭৯৬ টাকা।
মেসার্স সুভানী করপোরেশনের দুটি ব্যাংক হিসাবে জমা হয়েছে ১০৩ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৫৬৯ টাকা। এতে ভ্যাট ফাঁকির পরিমাণ ১৫ কোটি ৫৭ লাখ ২৮ হাজার ৭৩৫ টাকা।
মেসার্স বিসমিল্লাহ ট্রেডিংয়ের দুটি ব্যাংক হিসাবে ৫১ কোটি ৩৮ লাখ ৬ হাজার ৪৮২ টাকা জমা হয়েছে। এর বিপরীতে ভ্যাট ফাঁকি ৭ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৯৭২ টাকা।
এনএস করপোরেশনের পাঁচটি ব্যাংক হিসাবে জমা হয়েছে ২৯ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ১১৪ টাকা। এতে ভ্যাট ফাঁকি হিসাব করা হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ২ হাজার ২১৭ টাকা।
অন্যদিকে, মেসার্স মিঞা ফিশারিজ অ্যান্ড ডেইরির একটি ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৭ কোটি ১০ লাখ ৮৬ হাজার ১৫০ টাকা। এর বিপরীতে ভ্যাট ফাঁকির পরিমাণ ২ কোটি ৫৬ লাখ ৬২ হাজার ৯২৩ টাকা।
এ ছাড়া সামিদ অটো ইমপোর্টস ও ফেসওয়ার্ল্ড নামের আরও দুটি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেলেও তাদের ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্যাংক হিসাব জব্দের সুপারিশ
গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঘোষিত ঠিকানায় বাস্তবে কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। তদন্তকারীদের ধারণা, কোকোলা ফুডের প্রকৃত বিক্রির তথ্য গোপন করে ভ্যাট ও আয়কর ফাঁকির উদ্দেশ্যে এসব সহযোগী প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছে।
রাজস্ব সুরক্ষার স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকদের ব্যাংক হিসাব জব্দের সুপারিশ করেছে গোয়েন্দা কমিটি।
এনবিআর সূত্র জানিয়েছে, ভ্যাট ফাঁকির ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কোকোলা ফুডের পরিচালক মো. আবু সাঈদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।