কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) থানার অফিসার ইনচার্জ (ওসি) জায়েদ নুরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নারী-পুরুষসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও কোতোয়ালী জোনের সহকারী কমিশনারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কোতোয়ালী থানার ওসি জায়েদ নুরের নেতৃত্বে এসআই লুৎফুল আহসান, এএসআই আবুল হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
পুলিশ জানায়, শুক্রবার লালদিঘীর পাড় এলাকার সিনেমা প্যালেস হোটেল আনছারী আবাসিকের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুজন (৩০), মেহেরাজ (২০), মুসফিক (৩৩), নুরুল আফসার (৩৭), আরিফুল ইসলাম (২০), রোজিনা আক্তার (২১), রওশন জাহান (২৮), রেহেনা আক্তার (২১), নাদিয়া আক্তার (২০) ও তানজিনা আক্তার (২২)।
অভিযানের পর গ্রেপ্তার ব্যক্তিদের কোতোয়ালী থানায় নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়। মামলার নম্বর ২৫৪/২০২৬, তারিখ ২৮ আগস্ট ২০২৬। মামলায় সিএমপি অর্ডিন্যান্সের ৭৬/১০৩ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ বলছে, নগরীর গুরুত্বপূর্ণ এ এলাকায় অপরাধ ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।