মোঃ ফেরদৌস হোসেন:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ ও কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলার মো. এবাদুর রহমান রাজাকে দায়ী পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তার গোডাউন থেকে ২০ বস্তা সরকারি চাল জব্দ করে।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র কার্ডধারীদের জন্য বরাদ্দকৃত এই চাল গোপনে বিক্রি করার চেষ্টা চলছিল বলে জানায় প্রশাসন। ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় মো. রাজার ডিলারশিপের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করা হয়েছে।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রকৃত কার্ডধারীরা যাতে ন্যায্য মূল্যে তাদের বরাদ্দকৃত চাল পেতে পারেন, সে জন্য এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা দ্রুত নতুন ডিলার নিয়োগ বা কার্যক্রম স্বচ্ছ করার দাবি জানিয়েছেন।