স্টাফ রিপোর্টার:
রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী এলাকার পানির পাম্প রোডে রাজউকের নির্মাণবিধি উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকার খিলগাঁও-১২৩৯ নম্বর হাজী আকতার আলী রোডের ভেতরে আজাদ গং নামে একটি পক্ষের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন বহুতল ভবনটির চারপাশে রাজউকের বিধি অনুযায়ী ন্যূনতম উন্মুক্ত স্থান (সেটব্যাক) রাখা হয়নি। ভবনের একেবারে গা ঘেঁষে নির্মাণকাজ পরিচালিত হওয়ায় আশপাশের বাসিন্দারা আলো-বাতাসের স্বাভাবিক প্রবাহ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
এলাকাবাসী আরও জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশা ও ভবন নির্মাণবিধি অনুসরণ করে ভবন নির্মাণ করা বাধ্যতামূলক হলেও অভিযুক্তরা তা মানেননি বলে তাদের অভিযোগ। যথাযথ নিয়ম অনুসরণ না করে বহুতল ভবন নির্মাণের ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এতে পার্শ্ববর্তী ভবনগুলোও ক্ষতির সম্মুখীন হতে পারে বলে মনে করছেন তারা।
স্থানীয়দের ভাষ্য, নিয়মবহির্ভূত এই নির্মাণকাজ দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়েনি। ফলে ভবন নির্মাণে আইন ও বিধিমালা বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তারা অবিলম্বে নির্মাণকাজের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে নির্মাণবিধি লঙ্ঘনের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবনটি রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী নির্মিত হচ্ছে কি না, তাও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভবিষ্যতে তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, জননিরাপত্তা, সুশৃঙ্খল নগরায়ণ এবং আইনের শাসন নিশ্চিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। নিয়মবহির্ভূত নির্মাণকাজের বিরুদ্ধে কঠোর অবস্থানই পারে রাজধানীকে একটি নিরাপদ ও পরিকল্পিত নগরীতে পরিণত করতে।