গণশুনানিতে ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশ ডিসি রায়হান কবিরের

মোহাম্মদ হোসেন হ্যাপী:

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং হয়রানিমুক্ত প্রশাসন নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে ভুক্তভোগীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি জটিল বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

প্রতি বুধবারের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভুক্তভোগী ও সেবাপ্রার্থীরা সরাসরি জেলা প্রশাসকের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের মধ্যে জমি-জমাসংক্রান্ত বিরোধ, নামজারি, খাজনা, সামাজিক নিরাপত্তা, রাস্তাঘাট সংস্কার ও জলাবদ্ধতাসহ বিভিন্ন নাগরিক সমস্যা এবং হয়রানির অভিযোগ উঠে আসে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির মনোযোগ দিয়ে সেবাপ্রার্থীদের অভিযোগ শোনেন। বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি জটিল বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

গণশুনানি শেষে জেলা প্রশাসক বলেন, “গণশুনানি আমাদের কাছে শুধু কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সঙ্গে জেলা প্রশাসনের সরাসরি সেতুবন্ধন। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সরকারি সেবা পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি অভিযোগ আমরা অত্যন্ত গুরুত্বসহকারে দেখছি এবং নিয়মতান্ত্রিক উপায়ে সব সমস্যার সমাধান করা হবে।”

তিনি আরও জানান, সরকারি সেবা মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়া এবং সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে জেলা প্রশাসন কাজ করছে। গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সরাসরি জানার সুযোগ তৈরি হয় এবং অভিযোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

গণশুনানিতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *