স্টাফ রিপোর্টার:
রাজধানীর কামরাঙ্গীরচরে গভীর রাতে এক সাংবাদিককে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট থানার ওসির বিরুদ্ধে। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ওই সাংবাদিককে খালাস দেওয়া হয়। ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে সাংবাদিক সম্মেলনের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক আনোয়ার হোসেন।
জানা যায়, ৪ মে ২০২৬ তারিখ ভোর সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীরচর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ সাংবাদিক আনোয়ার হোসেনের বাসভবনে যায়। এ সময় তারা বাসার গেটে জোরে আঘাত করে এবং কোনো ধরনের গ্রেফতারি পরোয়ানা প্রদর্শন না করেই তাকে হেফাজতে নেয় বলে অভিযোগ করেন আনোয়ার হোসেন।
তিনি জানান, পুলিশের কাছে গ্রেফতারের কারণ জানতে চাইলে সন্তোষজনক কোনো উত্তর দেওয়া হয়নি। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হলে আদালত তাকে তাৎক্ষণিকভাবে খালাস প্রদান করেন।
সাংবাদিক আনোয়ার হোসেন দাবি করেন, পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে তাকে হয়রানি করার উদ্দেশ্যে সাজানো হয়েছে। তিনি বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য। আমার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা ওয়ারেন্ট ছাড়াই এভাবে গ্রেফতার সম্পূর্ণ বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত।”
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল। সাংবাদিক আনোয়ার হোসেন জানান, ঘটনার বিস্তারিত তুলে ধরতে শিগগিরই তিনি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করবেন।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি তদন্তসাপেক্ষ এবং প্রকৃত ঘটনা উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।