গাজার ধ্বংসস্তূপ থেকে ৭৫ মরদেহ উদ্ধার, একসঙ্গে জানাজা

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৭৫ জনের মরদেহ। দীর্ঘদিন ধরে ধসে পড়া ভবনের নিচে পড়ে থাকা এসব মরদেহ উদ্ধার করে রোববার (১৮ অক্টোবর) একসঙ্গে জানাজা ও দাফনের আয়োজন করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটির দারাজ এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি হামলায় ভবন ধসে এসব ফিলিস্তিনি নিহত হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরাকে গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় আট হাজার ফিলিস্তিনির মরদেহ পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, হামলায় এ পর্যন্ত ৭৪ হাজার ৪৬৯ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজার বহু ভবন ধ্বংস হয়ে গেছে। এতে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছেন। উপত্যকার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দখলে নেওয়ার কারণে অনেক ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে সরে গেছেন।

গত বছর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় হামলা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে প্রাণহানি ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *