খসরু মৃধা:

মঙ্গলবার (৭ জুলাই) গাজীপুরে সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
এ সময় পুলিশ কমিশনার বলেন, জনগণের জানমাল রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জিএমপির কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, শিল্পাঞ্চল, আবাসিক এলাকা, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাসহ পুরো নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার থেকে বিরত থেকে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।