বিনোদন ডেস্ক:
গানের মানুষ ফেরদৌস ওয়াহিদ। বিশেষ করে বাংলা পপ গানে তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীতের সঙ্গে যুক্ত এই নন্দিত শিল্পী এবার হাজির হলেন একেবারেই ভিন্ন সাজে। রাজকীয় পোশাক, মাথায় মুকুট—দেখে প্রথমে চেনাই কঠিন। কারণ এবার তাঁকে দেখা গেছে নবাবের চরিত্রে।
তবে বাস্তবে কোনো নবাবি আমল ফিরে আসেনি। ফেরদৌস ওয়াহিদের এই রাজকীয় সাজ একটি বিশেষ অনুষ্ঠানের অংশ হিসেবে। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত হচ্ছে ‘চেনা মুখ, দুখ সুখ’ অনুষ্ঠানের বিশেষ পর্ব। আর সেই পর্বেই সংগীতশিল্পীরা অভিনয় করেছেন যাত্রাপালায়। সেখানে নবাবের চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ।
নিজের এই নতুন অভিজ্ঞতা প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, অনুষ্ঠানের ভাবনাটি একেবারেই ভিন্ন। যাত্রাপালা হলেও এতে অংশ নিয়েছেন মূলত গানের শিল্পীরা। ফলে তাঁর জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। দর্শকেরও অনুষ্ঠানটি ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এই যাত্রাপালায় লর্ড ক্লাইভের চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী সৈয়দ রেজা আলী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে সংগীতশিল্পী পথিক নবী, নীলু বিল্লাহ, হুমায়রা বশীর, পুনম প্রিয়া, পলাশসহ আরও কয়েকজনকে।
জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে অনুষ্ঠানটির বিশেষ পর্ব।
উল্লেখ্য, ‘চেনা মুখ, দুখ সুখ’ অনুষ্ঠানটি দীর্ঘদিন ধরে প্রচার হয়ে আসছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেরদৌস ওয়াহিদ। এতে বিভিন্ন তারকা অতিথি হিসেবে উপস্থিত হয়ে তাঁদের জীবন ও ক্যারিয়ারের নানা গল্প তুলে ধরেন। তবে এবারের পর্বটি সাজানো হয়েছে একেবারেই ভিন্ন আঙ্গিকে।