গোয়ালন্দ প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হবি সরদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার হবি সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বাড়ি ফাঁকা থাকার সুযোগে হবি সরদার শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়।
বুধবার সকালে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত হবি সরদারকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে বুধবার থানায় মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।