মো: হাসান আলী:
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর গ্রামে জাহিদুল নামে এক ব্যক্তি বন বিভাগের জমিতে নতুন করে বাড়ি নির্মাণ করছেন। এ বিষয়ে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, বিট কর্মকর্তা, কর্মচারী এবং সাগরদিঘী স্থানীয় নেতা আব্দুস সালাম ভূঁইয়া (লিটন)-কে মোটা অংকের টাকা দিলেই তারা বনের জায়গা দখলের অনুমতি দিয়ে দেয়।
স্থানীয় নেতা আব্দুস সালাম ভূঁইয়া (লিটন)-এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি কোনো টাকা-পয়সা লেনদেন করি না।” কিন্তু যারা বাড়ি নির্মাণ করছেন তারা বলেন, আব্দুস সালাম ভূঁইয়া (লিটন)-এর সাথে তারা মোটা অংকের টাকা দিয়ে বিষয়টি মিটমাট করেছেন। অবশ্য এমন ঘটনা যে এই প্রথমবার ঘটেছে, তা নয়। অতীতেও এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে বলে স্থানীয়রা জানান। এসব কাজ বন বিভাগের লোকজনের সহায়তায়ই হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
বনের জায়গায় ঘরবাড়ি নির্মাণের বিষয়টি নিয়ে সাগরদিঘী বিট কর্মকর্তা মো. ইউসুফ-এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি। এ বিষয়ে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইন বলেন, “আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”