মো. হাসান আলী:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালিরচালা ভূঁইয়া বাড়ি মসজিদের সামনে থেকে মোথাজুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হয়। থলথলে কাদার কারণে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে বিদ্যালয়ে যাওয়া-আসার সময় কোমলমতি শিক্ষার্থীদের সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয়।
এলাকাটি পাহাড়ি হওয়ায় কৃষকরা কলা, পেঁপেসহ বিভিন্ন মৌসুমি ফসলের চাষাবাদ করে থাকেন। তবে সড়কের বেহাল অবস্থার কারণে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করতেও তাদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. আসলাম ভূঁইয়া বলেন, “আমাদের প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদায় ভরে যায়। তখন হেঁটে চলাচল করাও কষ্টকর হয়ে পড়ে। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দ্রুত সংস্কার করা হলে শত শত মানুষের দুর্ভোগ লাঘব হবে।”
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অপেক্ষায় রয়েছে। তাই দ্রুত সড়কটি পাকাকরণ বা সংস্কারের জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।