চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপসার সঙ্গে জেলা প্রশাসনের সমঝোতা স্মারক স্বাক্ষর

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম চিড়িয়াখানায় শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার ও পরিবেশ সুরক্ষায় জেলা প্রশাসন, চট্টগ্রাম এবং ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আগে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্লাস্টিক জমা দেওয়ার বিনিময়ে শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের উদ্যোগ নেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে নতুন এ সমঝোতা স্মারক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), জেলা প্রশাসন, ইপসা এবং চট্টগ্রাম চিড়িয়াখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে জেলা প্রশাসন, চট্টগ্রামের পক্ষে স্বাক্ষর করেন পাঠান মো. সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সহসভাপতি। অন্যদিকে, ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক (অর্থ) পলাশ কুমার চৌধুরী।

সমঝোতা স্মারক অনুযায়ী, চট্টগ্রাম চিড়িয়াখানা নিয়মিত প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করবে। সংগৃহীত এসব প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, পরিবহন ও পুনর্ব্যবহারের ব্যবস্থা করবে ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ। পাশাপাশি প্রতিষ্ঠানটি চিড়িয়াখানায় বর্জ্য সংগ্রহের বিন সরবরাহ, সুরক্ষা সামগ্রী প্রদান, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করবে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বাড়বে। একই সঙ্গে পুনর্ব্যবহারের মাধ্যমে প্লাস্টিক বর্জ্যের পরিবেশগত ক্ষতি কমানো এবং চিড়িয়াখানাকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার পথ সুগম হবে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের মতে, পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্লাস্টিক বর্জ্যের দায়িত্বশীল ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের এ উদ্যোগ চট্টগ্রাম নগরীতে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *