সৈকত দাশ ইমন:
প্রয়াত অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী প্রশান্ত সমঅধিকার ও সমমর্যাদার লড়াইয়ে আজীবন চিরউদ্ভাসিত থাকবেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে সংগঠনের প্রয়াত দক্ষিণ জেলা সহ-সভাপতি ও আনোয়ারা উপজেলা সভাপতি অ্যাডভোকেট হরিপদ চক্রবর্তী প্রশান্তের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ জুলাই (শুক্রবার) বিকেল ৪টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম দক্ষিণ জেলা ঐক্য পরিষদের সভাপতি তাপস হোড়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রফেসর রনজিৎ কুমার দে, ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত।
বক্তারা প্রয়াত হরিপদ চক্রবর্তী প্রশান্তের স্মৃতিচারণ করে বলেন, “তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান, দয়ালু, পরোপকারী, জনবান্ধব ও অনুকরণীয় ব্যক্তিত্ব। তাঁর প্রয়াণে সমাজে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। সমঅধিকার ও সমমর্যাদার লড়াইয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিটি আন্দোলনে তিনি সম্মুখসারিতে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন। আদর্শিক কাজের মাধ্যমে তিনি মৃত্যুর পরও সাধারণ মানুষের হৃদয়ে চিরউদ্ভাসিত থাকবেন।”
সভায় প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরও বক্তব্য রাখেন শরৎ জ্যোতি চাকমা, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, বিষ্ণুযশা চক্রবর্তী, শেখর দত্ত, সাগর মিত্র, তাপস কান্তি দে, সাজীব বৈদ্য, মাস্টার শ্যামল দে, মোহাম্মদ হাবিব উল্লাহ, লায়ন সুজিত দাশ, অ্যাডভোকেট নীলু দাশ, আশীষ সিংহ, প্রণব দাশগুপ্ত, কল্লোল সেন, দিলীপ ঘোষ দীপু, মাস্টার গোপাল ঘোষ, মাস্টার রূপক শীল, পলাশ দাশ, অনুপ দাশ, অ্যাডভোকেট সুমন সরকার, গৌতম দাশ, রূপসী দাশ, অধ্যাপক শিপলু কুমার দে, মীনাক্ষী দেব, অ্যাডভোকেট জনি দে, উত্তম দাশ, উৎপল বড়ুয়া, অ্যাডভোকেট পিটু কুমার শীল, অ্যাডভোকেট বাপ্পা ঘোষ, অ্যাডভোকেট পঙ্কজ নাথ, শাবলু মিত্র, মিঠু চৌধুরী, ইমন দত্ত, রতন শীল এবং অর্ক মিত্র প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত হরিপদ চক্রবর্তী প্রশান্তের পরিবারের পক্ষ থেকে তাঁর স্মৃতি ও কর্মময় জীবন নিয়ে অশ্রুসিক্ত বক্তব্য রাখেন তাঁর সহধর্মিণী অনিমা চক্রবর্তী এবং পুত্র প্রান্তিক চক্রবর্তী।
শোকসভার শুরুতে প্রয়াত নেতার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উপস্থিত নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।