চাঁদপুরে গুরুত্বপূর্ণ সড়কের মেরামত ও কার্পেটিং কাজের উদ্বোধন

মোঃ মনির হোসেন:

চাঁদপুর পৌরসভার পুরান বাজার লোয়ার পোল দোকানঘর এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়কের মেরামত ও কার্পেটিং নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই সড়কের উন্নয়নকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন হলে বহু বছরের দুর্ভোগের অবসান ঘটবে।

উন্নয়নকাজের শুভ উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি অঞ্চলে পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। জনগণের জীবনমান উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “মানসম্মত সড়ক নির্মাণ একটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই এই সড়কের কাজও সর্বোচ্চ মান বজায় রেখে সম্পন্ন করা হবে। জনগণের স্বার্থে সরকার যে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেছে, তা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আমি আশা করি, এই রাস্তার কাজ শেষ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।”

জানা গেছে, সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করছে সড়ক বিভাগ (রোডস অ্যান্ড হাইওয়ে)কাজটি পরিচালনা করছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস আলী। দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে ভরে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে রাস্তাটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ত।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই রাস্তাটি বছরের পর বছর ধরে ভাঙাচোরা অবস্থায় ছিল। বর্ষাকালে কাদা ও পানি জমে শিশু, বৃদ্ধ ও নারীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ত। অবশেষে রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা খুবই আনন্দিত। এখন আমাদের একটাই প্রত্যাশা, কাজটি যেন দ্রুত এবং মানসম্মতভাবে সম্পন্ন হয়।”

আরেক পথচারী বলেন, “এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার সময় অনেক সমস্যায় পড়তে হতো। এখন রাস্তার উন্নয়নকাজ শুরু হওয়ায় আমাদের সেই দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছি।”

এলাকাবাসী জানান, এই সড়কটি স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষেরও গুরুত্বপূর্ণ যাতায়াতের পথ। ফলে সড়কটির উন্নয়ন স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন আকাশসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইসফার আশরাফ অ্যাসোসিয়েটস, যার স্বত্বাধিকারী মো. রাশিদুল ইসলাম। এলাকাবাসীর আশা, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করে কাজ সম্পন্ন হলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন দিগন্তের সূচনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *