কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শহিদুল ইসলাম বুইশ্যার সাত সহযোগীকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টা ২৫ মিনিটের দিকে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া বালুরমাট এলাকার সাংবাদিক কলোনির পেছনের একটি ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিনের নেতৃত্বে এসআই হৃদয় মাহমুদ লিটন, এসআই (নিরস্ত্র) জাফর আহম্মদ, এএসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান, এএসআই অসিত নাথ, এএসআই শাহ আলমসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইব্রাহিম ইদ্রিছ ওরফে ইদ্রিস (৩০), মো. আজম উদ্দিন (২১), মো. সাজ্জাদ হোসেন (২৬), মো. রাকিব (২২), মো. হারুন (৩১), মো. মোমিন হোসেন ওরফে বাচ্চু (৩৫) এবং মো. রাসেল (২৮)।
পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত ২৭ ইঞ্চি লম্বা লোহার রামদা, বিশেষ কায়দায় তৈরি স্টিলের পাইপ ও লোহার ফলা দিয়ে তৈরি একটি কুড়াল, স্টিলের হাতলযুক্ত বিশেষ কায়দায় তৈরি একটি চাইনিজ কুড়াল এবং কাঠের হাতলযুক্ত ১৬ ইঞ্চি লম্বা একটি ছুরি উদ্ধার করা হয়।
ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক মামলা
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ১ নম্বর আসামি মো. ইব্রাহিম ওরফে ইদ্রিসের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় ২২ জুলাই ২০২৫ তারিখে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে। এছাড়া ২০২২ সালে চান্দগাঁও থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা এবং পাঁচলাইশ মডেল থানায় ২০২০ সালে অস্ত্র আইন ও দণ্ডবিধির ৩৯৪ ধারায় পৃথক মামলা রয়েছে।
এ ছাড়া ২০১৮ সালে চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের নথি অনুযায়ী, ২০২৫ সালে চান্দগাঁও থানায় ইব্রাহিমের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও কয়েকটি মামলা হয়েছে। এর মধ্যে ১৪ আগস্ট, ১০ অক্টোবর, ৩ নভেম্বর, ৬ নভেম্বর ও ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে দায়ের হওয়া মামলাগুলো রয়েছে।
রাকিবের বিরুদ্ধেও মামলা
গ্রেপ্তার ৪ নম্বর আসামি মো. রাকিবের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পাঁচলাইশ মডেল থানায় ২৩ নভেম্বর ২০২৫ তারিখে এবং চান্দগাঁও থানায় ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়।
মামলা দায়ের, আদালতে প্রেরণ
পুলিশ জানায়, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় ১১ আগস্ট ২০২৬ তারিখে মামলা নম্বর-১০ দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৯/৪০২ ধারায় রুজু করা হয়েছে।
পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।