Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
চীনের চংকিংয়ে ভয়াবহ ভূমিধস: নিহত ৮, নিখোঁজ ৩৪; উদ্ধারকাজে ৮০০ কর্মী - দৈনিক স্বাধীন সংবাদ

চীনের চংকিংয়ে ভয়াবহ ভূমিধস: নিহত ৮, নিখোঁজ ৩৪; উদ্ধারকাজে ৮০০ কর্মী

আন্তর্জাতিক ডেস্ক ::

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ চংকিংয়ের পেংশুই জেলায় ভয়াবহ ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৩৪ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৮ জনকে।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিট) এ ভূমিধসের ঘটনা ঘটে। পেংশুই জেলা প্রশাসনের শীর্ষ নির্বাহী কর্মকর্তা রেন জুজিয়াং এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই দুর্যোগ মোকাবিলা বিভাগের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বর্তমানে প্রায় ৮০০ উদ্ধারকর্মী নিখোঁজদের সন্ধানে নিরলসভাবে কাজ করছেন। উদ্ধার তৎপরতার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং জরুরি সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।

ভূমিধসটি পেংশুই জেলার একটি পাহাড়ের পাদদেশে অবস্থিত আবাসিক ও বাণিজ্যিক এলাকার সড়কে আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সড়কের একটি বড় অংশ মাটি ও পাথরের বিশাল স্তূপে চাপা পড়ে গেছে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, ভূমিধসের পর মুহূর্তেই পুরো এলাকা ধুলাবালির ঘন মেঘে ঢেকে যায়। আতঙ্কিত মানুষজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি ও চিৎকার করতে থাকেন।

শুক্রবার সন্ধ্যায় আয়োজিত আরেক সংবাদ সম্মেলনে স্থানীয় এক কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত খাড়া ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় অবস্থিত। সেখানে এখনও নতুন করে ভূমিধসের আশঙ্কা রয়েছে। তাই উদ্ধারকাজ অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে।

এদিকে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চীনের কেন্দ্রীয় সরকার ৫ কোটি ইউয়ান (প্রায় ৭৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।

উল্লেখ্য, চংকিংয়ের এ দুর্ঘটনার দুই সপ্তাহেরও কম সময় আগে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের আরেকটি প্রদেশে ভয়াবহ ভূমিধসে ২১ জন নিহত এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল।

সূত্র: এএফপি, গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *