Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ফল, চলতি মাসেই প্রকাশের আশা - দৈনিক স্বাধীন সংবাদ

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি ফল, চলতি মাসেই প্রকাশের আশা

নিজস্ব প্রতিবেদক ::

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। এমনকি ফল প্রকাশের চূড়ান্ত বা সম্ভাব্য নতুন তারিখও এখনও নির্ধারণ হয়নি। তবে শিক্ষা বোর্ডের আশা, চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ প্রত্যাশিত গতিতে শেষ করা সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে।

তবে ফল প্রকাশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বোর্ড চেয়ারম্যান বলেন, “ইনশাআল্লাহ চলতি মাসের মধ্যেই আমাদের কাজ শেষ করে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করতে পারব।”

এর আগে গত ১৫ জুন আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও নকলের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *