চুরির অপবাদে খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা মহানগরীতে চুরির অপবাদে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।

নিহত আজমল ওরফে আযম চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজমল খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীত গলিতে আকিবের বাড়ির পঞ্চমতলার একটি মেসে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শুক্রবার রাতে কয়েকজন যুবক তাকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন। রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় এলাকায় নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে। স্থানীয়রাও ঘটনা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা দিতে পারছেন না। তবে মৃত যুবক নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। থানায় অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *