দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে আর খেলতে পারবেন না ইংলিস

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস। প্রথম ওয়ানডেতে ডান হাতের তর্জনীতে চোট পেয়ে ছিটকে গেছেন তিনি।

ডারবানে প্রথম ওয়ানডেতে উইকেটকিপিং করার সময় আঙুলে আঘাত পান ইংলিস। চোট নিয়েই ম্যাচে কিপিং চালিয়ে যান তিনি। পরে ব্যাট হাতে চার নম্বরে নেমে ৮ বলে করেন ৩ রান।

পরবর্তীতে পরীক্ষায় তার আঙুলে চিড় ধরা পড়ে। ফলে ২৭ সেপ্টেম্বর জোহানেসবার্গে ও ৩০ সেপ্টেম্বর পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি।

এদিকে ৯ অক্টোবর ডারবানে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজেও ইংলিসের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে তিনি অ্যালেক্স ক্যারির ব্যাকআপ উইকেটকিপার হিসেবে আছেন। তবে ফিট থাকলে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেও একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ইংলিস পার্থে নিজের বাড়িতে ফিরে যাবেন। সেখানে তার চোটের আরও মূল্যায়ন করা হবে। এরপর টেস্ট সিরিজে তার থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাকি দুই ওয়ানডের জন্য এখনো ইংলিসের বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। চোট থেকে সময়মতো সেরে উঠতে না পারলে টেস্ট সিরিজের জন্যও তার বিকল্প ভাবতে হবে।

ডারবানে প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার কাছে ৬৭ রানে হেরেছে অস্ট্রেলিয়া। ফলে সিরিজ জিততে হলে জোহানেসবার্গ ও পচেফস্ট্রমে অনুষ্ঠেয় বাকি দুই ম্যাচেই জিততে হবে অস্ট্রেলিয়াকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *