স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের সাতকানিয়ায় চোর সন্দেহে আরাফাত নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পায়ে শিকল বেঁধে ১০ ঘণ্টার বেশি সময় আটকে রাখার অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের পাশে এলাইট হাসপাতালের নতুন ভবনে। স্থানীয়দের অভিযোগ, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে ইলেকট্রিক তার চুরির সন্দেহে আরাফাতকে আটক করে মারধর করা হয়। পরে ভবনের নিচতলার সিঁড়ির আড়ালে পায়ে শিকল বেঁধে রাখা হয়। খবর পেয়ে সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বিষয়টি জানতে পারেন। পরে সাতকানিয়া থানার এসআই জহির সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুরের দিকে অভিযান চালিয়ে শিকলবদ্ধ অবস্থায় আরাফাতকে উদ্ধার করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক আরাফাত নিজেকে নির্দোষ দাবি করে বলেন, বাজারে এক ব্যক্তির তার লাগানোর সময় হৈচৈ শুনে সেখানে উঁকি দিতে গেলে স্থানীয়রা তাকে চোর সন্দেহে আটক করেন। এরপর তাকে মারধর করে দীর্ঘ ১০ ঘণ্টার বেশি সময় শিকল দিয়ে বেঁধে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। আরাফাতের দাবি, এলাইট হাসপাতালে কর্মরত দাড়িওয়ালা, পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি তার মুখে পানি ঢেলে এবং গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধের মতো আচরণ করেন। এতে তার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়। তার শরীরেও বিভিন্ন জখমের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম বলেন, কেরানীহাটের বিভিন্ন স্থানে রাতে তার, লোহাসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনা ঘটেছে। তবে আরাফাতকে চোর সন্দেহে আটকের বিষয়টি তিনি দুপুর ১টার দিকে পুলিশ আসার পর জানতে পারেন। পরে নতুন ভবনের নিচে শিকল দিয়ে বাঁধা অবস্থায় এক যুবককে দেখতে পান। ঘটনার বিষয়ে পুলিশ ও স্থানীয়দের বক্তব্যে ভিন্নতা থাকায় আরাফাতের বিরুদ্ধে চুরির অভিযোগের সত্যতা এবং তাকে মারধর ও শিকল দিয়ে আটকে রাখার ঘটনা তদন্ত করে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া প্রয়োজন।