ছাত্রদল নেতা পরিচয়ে ১ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গাজীপুরে নাহিদ গ্রেপ্তার

মো. সাইদুল ইসলাম:

গাজীপুরে ছাত্রদলের নেতা পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে নাহিদ পারভেজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী এক নারী ও তাঁর ভাইয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তৃষা মনি আক্তার ও তাঁর ভাই দেলোয়ারের সঙ্গে নাহিদ পারভেজ এবং তার সহযোগী হৃদয়, সাকিবসহ আরও কয়েকজন জোরপূর্বক অসদাচরণ করেন। অভিযোগে বলা হয়, তারা ভুক্তভোগীদের আটকে রেখে মানসিকভাবে নির্যাতন করেন এবং পরে একটি দলীয় পার্টি অফিসে নিয়ে গিয়ে অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার মিথ্যা অপবাদ দেন।

এ সময় ওই অপবাদ থেকে রেহাই দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীরা পুলিশের কাছে অভিযোগ করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নাহিদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *