ছিনিয়ে নেওয়া আসামির ঘটনায় পুলিশ আক্রান্ত মামলা, রূপগঞ্জে গ্রেফতার ১৩

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেফতারকৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ আক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ মে ২০২৬ ভোররাত ৫টার দিকে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মো. মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিনের নেতৃত্বে একটি আভিযানিক দল অস্ত্র আইনের মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. শামীম মিয়া (৪০)-কে গ্রেফতার করে। তাকে রূপগঞ্জ থানাধীন ৮ নম্বর ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পরে তাকে থানায় নিয়ে আসার পথে পরিকল্পিতভাবে ১৫০-২০০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ পুলিশের গাড়ি অবরোধ করে। হামলাকারীরা রামদা, লোহার পাইপ, ছোরা ও লাঠিসোটা নিয়ে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ চালায় এবং গ্রেফতারকৃত আসামি শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় সহকারী পুলিশ সুপার ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জের ব্যবহৃত সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পরপরই রূপগঞ্জ থানা পুলিশ, পুলিশ লাইন্সের অতিরিক্ত ফোর্স, র‍্যাব ও বিজিবির সমন্বয়ে যৌথ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ১৩ জনসহ ৪০ জন এজাহারনামীয় আসামি এবং অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ আক্রান্তের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *