মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলার উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে ফাউন্ডেশনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার অধ্যক্ষ মাওলানা রাহমত ছালাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবনাদর্শ অনাগত প্রজন্মের কাছে তুলে ধরতে ইসলামিক ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয়। এর মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বিশ্বনবীর জীবনীর প্রতি আগ্রহ ও চর্চা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সোহাইল আরমান, আনোয়ার হোসেন, মাওলানা আমান উল্লাহ এবং ফিল্ড অফিসার ফজলুল করিম।
সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. সাইফুদ্দিন খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিযোগী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশব্যাপী সিরাত প্রতিযোগিতার অংশ হিসেবে গত ৫ মে ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা কার্যালয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিশ্বনবী (সা.)-এর জীবনীর ওপর এমসিকিউ ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয় এবং তাদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।