রুবেল হোসেন, কুমিল্লা :-
কুমিল্লার বরুড়া উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ২০২৫-২০২৬ অর্থবছরের সার্বিক কর্মসম্পাদন (পারফরম্যান্স) পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা সভা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। সভায় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক বরুড়া উপজেলা শাখার সব কর্মকর্তা ও কর্মচারী।
আলোচনায় ২০২৫-২০২৬ অর্থবছরে ব্যাংকের আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়, গ্রাহকসেবা, আর্থিক কার্যক্রম, মাঠপর্যায়ের অগ্রগতি এবং সার্বিক কর্মসম্পাদনের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। পাশাপাশি সেবার মান আরও উন্নত করা, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়া এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ইউএনও আসাদুজ্জামান রনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের মূল শক্তি হলো জবাবদিহিতা, স্বচ্ছতা ও সেবার মান। জনগণের আস্থা অর্জন করতে হলে প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, পল্লী সঞ্চয় ব্যাংক গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কর্মসম্পাদনের নিয়মিত মূল্যায়ন প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ায় এবং সেবার গুণগত মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। সবাই সমন্বিতভাবে কাজ করলে আগামী অর্থবছরে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভা শেষে পল্লী সঞ্চয় ব্যাংক বরুড়া উপজেলা শাখার কর্মকর্তা ও কর্মচারীরা মূল্যবান দিকনির্দেশনা ও সময় দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তাঁরা তাঁর পরামর্শ ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে গ্রাহকসেবার মান আরও উন্নত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।