জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের উদ্যোগে ইউজিসির হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) সাব-প্রজেক্টের আওতায় ‘ল্যাবরেটরি সেফটি অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) রসায়ন বিভাগের HEAT সাব-প্রজেক্ট ম্যানেজার (SPM) অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে বিভাগীয় কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে যে বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, তার উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে। সীমিত সামর্থ্য সত্ত্বেও বিদ্যমান সক্ষমতার সর্বোত্তম ব্যবহার করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রসায়ন বিভাগ শিক্ষা ও গবেষণায় দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। এ ধারাবাহিকতা বজায় রেখে গবেষণা ও উদ্ভাবনে আরও অগ্রসর হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে রসায়ন বিভাগের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছর বিভাগের আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববিদ্যালয়কে গবেষণায় বিশেষ স্বীকৃতি এনে দেয়। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের সম্পদ সংরক্ষণ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার মো. মোস্তাক উদ্দিন ঠাকুর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াসির আরাফাত খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন।