জমি বিরোধে হামলা, শ্বশুরকে কুপিয়ে জখমের অভিযোগ থানায়

স্টাফ রিপোর্টার

কুমিল্লার বরুড়া উপজেলায় জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক পরিবারে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন এক বৃদ্ধসহ অন্তত দুইজন। আহত ব্যক্তিকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি নিয়ে বরুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আফসানা আক্তার মীম নামের এক গৃহবধূ।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ১০নং শিলমুড়ী (উত্তর) ইউনিয়নের দিগলগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তা ও জায়গা-সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জমির সীমানা নির্ধারণ ও পিলার স্থাপনের সময় উত্তেজনার সৃষ্টি হয়।

ভুক্তভোগীর অভিযোগ, এ সময় অভিযুক্ত আলমগীর হোসেন ও আহাম আলী সীমানায় বসানো পিলার উপড়ে ফেলেন এবং ক্ষিপ্ত হয়ে গালাগাল ও হুমকি দিতে থাকেন। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে হামলা চালান। এতে আফসানা আক্তারের শ্বশুর রহম আলী গুরুতর আহত হন। অভিযোগে বলা হয়, আলমগীর হোসেন ধারালো দা দিয়ে রহম আলীর মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় তাকে রক্ষা করতে গেলে আফসানা আক্তার মীমকেও মারধর করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলার সময় তার শ্লীলতাহানি করা হয় এবং আহত রহম আলীর পকেটে থাকা নগদ ৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে রহম আলী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবার জানায়, অভিযুক্তরা মামলা করলে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এ বিষয়ে বরুড়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *