বাবলু শেখ :
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর ক্লাস্টার পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে ডেমরার ঐতিহ্যবাহী পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে কৃতিত্বপূর্ণ অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও নিজেদের মেধা, দক্ষতা ও প্রতিভার স্বাক্ষর রেখেছে।
গত ১৮ মে ২০২৬, সোমবার ডেমরার ডগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ১৭টি বিদ্যালয় অংশ নেয়। চারটি বিভাগে মোট ২০টি ইভেন্টে ৬০টি পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৯টি ইভেন্টে প্রথম, ৮টি ইভেন্টে দ্বিতীয় এবং ২টি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে শীর্ষ অবস্থান দখল করে নেয়।
ঢাকা-১৩৬২ এর কোনাপাড়ায় অবস্থিত পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্লে-গ্রুপ (৪+) থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ১৭৩২ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষক পদ ২১টি থাকলেও বর্তমানে কর্মরত আছেন ১৭ জন শিক্ষক। সীমিত জনবল নিয়েও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ শিমলা জানান,
“আল্লাহর রহমতে প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের বিদ্যালয় সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। পঠন দক্ষতার ক্ষেত্রে কোনো বিষয়েই অর্জনের হার ৭০ শতাংশের নিচে নয়। পর্যাপ্ত শিক্ষক পেলে এ সাফল্য আরও বাড়বে ইনশাআল্লাহ। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক, ক্রীড়া ও সৃজনশীল কার্যক্রমেও আমাদের শিক্ষার্থীরা ধারাবাহিক সাফল্য অর্জন করছে।”
তিনি আরও জানান, ২০২৫ সালে বিদ্যালয়টি প্যারেড প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। এছাড়া ২০২৬ সালে প্যারেড ও ডিসপ্লে—উভয় বিভাগেই দ্বিতীয় স্থান লাভ করে। জেলা প্রশাসকের কাছ থেকে পুরস্কার গ্রহণের গৌরবও অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, রচনা প্রতিযোগিতা, গণিত দৌড়, গণিত অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিদ্যালয়ের জন্য সম্মান বয়ে আনছে। চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহিয়া মহান শহীদ দিবস উপলক্ষে আয়োজিত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় দ্বিতীয় এবং রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে।
এছাড়াও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিদ্যালয়টি একাধিকবার থানা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ও শ্রেষ্ঠ সভাপতির স্বীকৃতি পেয়েছে। জেলা পর্যায়েও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব রয়েছে প্রতিষ্ঠানটির।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীরা:
- রবীন্দ্রসংগীত – শাহ সুজন মুকুল
- একক অভিনয় – মোঃ রাতুল তালুকদার
- গল্প বলা – মোঃ আব্দুল্লাহ
- দেশাত্মবোধক গান – শাহ সুজন মুকুল
- আবৃত্তি – শাহ সুজন মুকুল
- উপস্থিত বক্তৃতা – তাহিয়া
- চিত্রাঙ্কন – রাবেয়া বুশরা
- বাংলা কুইজ – ইয়াকিন
- গণিত কুইজ – তোবিয়াজ তাহের ইহান
দ্বিতীয় স্থান অর্জনকারীরা:
ফাহিমা, সাদিদনুর, রাবেয়া বুশরা, লিখন, তারক আলম ও তোবিয়ান তাহেরসহ একাধিক শিক্ষার্থী বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জন করে।
তৃতীয় স্থান অর্জনকারীরা:
তাইয়েবা, সাদিদনুর, নাজমুন নাহার, সাদিকা ইসলাম, তাহিয়া ও নাজমুনসহ অন্যান্য শিক্ষার্থীরাও সফলতা অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।
সবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রতিষ্ঠাতার পরিবার, পরিচালনা কমিটি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
“সবার সম্মিলিত সহযোগিতা ও দোয়ার কারণেই আমাদের এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ।