জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনটির অভিষেক, পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ত্যাগী নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জিয়া আদর্শের অনুসারী ত্যাগী নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব আ ন ম উল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্টন থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও ডিআরইউ নেতা সাংবাদিক খলিলুর রহমান মৃধা। এছাড়া কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান সংগঠনের সার্বিক কার্যক্রম, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং মাঠের রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা বলেন, দলের জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন-সংগ্রামে অবদান রেখেছেন, সেইসব ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সংগঠিত করে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করাই এই পরিষদের মূল লক্ষ্য। রাজপথের লড়াইয়ে অবদান রাখা কর্মীরা যাতে যথাযথ মূল্যায়ন পান, সে বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করে জানানো হয়, খুব শিগগিরই সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করা হবে। পাশাপাশি তৃণমূলের অবহেলিত ও ত্যাগী নেতাদের সম্মাননা প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হবে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন জেলা-উপজেলার প্রতিনিধি এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *