জামায়াত থেকে পদত্যাগ, এবার দল ছাড়ার ঘোষণা নেতার

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় পদ ও সংগঠন থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ময়মনসিংহের ফুলপুরের জামায়াতের রুকন মো. শুয়াইব সম্রাট। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

শুয়াইব সম্রাট জানান, ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম নিয়মিতভাবে পালন করতে না পারায় তিনি দল ও পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০১৯ সালে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন। ২০২১ সালের ১৩ মার্চ তিনি জামায়াতের রুকন হিসেবে শপথ নেন।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় শুয়াইব সম্রাট বলেন, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত বাধ্যবাধকতার কারণে নেওয়া সিদ্ধান্ত। এর সঙ্গে কোনো মতাদর্শিক সংঘাত বা কারও প্রতি ক্ষোভের সম্পর্ক নেই। সংগঠনের সাবেক সহকর্মীদের প্রতি তার শ্রদ্ধা ও শুভকামনা সব সময় থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল করিম বলেন, ‘তার বিষয়ে কিছু সমস্যা রয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং এ নিয়ে তদন্ত চলছে।’

তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *