স্টাফ রিপোর্টার:
ঝালকাঠির কাঠালিয়ায় ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পুবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। তবে অভিযুক্ত ব্যবস্থাপক অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
উপজেলার আমরিবুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের ছেলে কালাম হাওলাদার বাড়ি নির্মাণের জন্য পুবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখায় ১৫ লাখ টাকা ঋণের আবেদন করেন। তার অভিযোগ, ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বিভিন্ন সময় লোক মারফত তার কাছ থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা নেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রায় দুই বছর ধরে নানা অজুহাতে তার ঋণের বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। এমনকি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বেলে ও চিংড়ি মাছ কিনে দেওয়ার কথাও বলা হয়। পরবর্তীতে চলতি বছরের অক্টোবরের শুরুতে ঋণ পাওয়ার কথা বলা হলেও সেপ্টেম্বরের শেষদিকে তাকে জানানো হয়, তার ঋণ অনুমোদন হয়নি।
এ ঘটনায় আর্থিক ক্ষতির প্রতিকার চেয়ে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কালাম হাওলাদার।
অভিযোগের বিষয়ে পুবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, “আমি কোনো টাকা নিইনি। প্ল্যান ও অন্যান্য কাজের খরচ তিনি নিজেই দিয়েছেন। মূলত ছেলের বিদেশ থেকে টাকা পাঠানোর লেনদেনে অনিয়মিত হওয়ার কারণে লোনটি পাস হয়নি।”
এ বিষয়ে পুবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ডিজিএম মুহাম্মদ মোশাহিদ উল্লাহ জানান, “ঋণের বিষয়ে ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারীর টাকা নেওয়ার সুযোগ নেই। কেউ নিয়ে থাকলে এবং সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”