ঝিলমিল আবাসিক প্রকল্পে গতি আনছে রাজউক, দ্রুত বাসযোগ্য নগর গড়ার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উপকণ্ঠে অবস্থিত রাজউকের ‘ঝিলমিল আবাসিক প্রকল্প’ দ্রুত বাসযোগ্য করে তুলতে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রকল্পের অবশিষ্ট উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন এবং প্লট ও ফ্ল্যাট মালিকদের কাছে হস্তান্তরের লক্ষ্যে মঙ্গলবার উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে।

১৯ মে অনুষ্ঠিত এ পরিদর্শনে নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-১) ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) শীলাব্রত কর্মকার, উপপরিচালক মো. মাহবুবুর রহমান, উপপরিচালক মো. আতিকুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ আনোয়ার জাহিদ, সহকারী প্রকৌশলী মর্জিনা বেগম, কানুনগো নিপু মনি চাকমাসহ প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে কর্মকর্তারা প্রকল্পের সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, পানি ও বিদ্যুৎসহ বিভিন্ন নাগরিক সুবিধার অগ্রগতি ঘুরে দেখেন এবং দায়িত্বরত প্রকৌশলী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে চলমান কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

রাজউক সূত্র জানায়, যেসব বরাদ্দগ্রহীতা প্লট বরাদ্দ পেয়েও এখনো ভবন নির্মাণ শুরু করেননি, তাদের দ্রুত নির্মাণকাজ শুরু করতে তাগাদা পত্র দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকল্পটিকে দ্রুত প্রাণচঞ্চল ও বসবাসযোগ্য এলাকায় রূপ দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

রাজউকের কর্মকর্তারা জানান, সরকারের বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিকল্পনার আওতায় পূর্বাচল ও ঝিলমিল আবাসিক প্রকল্পকে আধুনিক ও পরিবেশবান্ধব উপশহর হিসেবে গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। অবশিষ্ট উন্নয়নকাজ দ্রুত শেষ করে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংস্থাটি বদ্ধপরিকর।

প্রকল্প এলাকায় ইতোমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে দুটি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ সম্পন্ন হয়েছে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। এছাড়া ঢাকা ওয়াসা দুটি গভীর নলকূপ স্থাপন করেছে এবং প্রায় ৪০ কিলোমিটার পানি সরবরাহ নেটওয়ার্ক স্থাপনের কাজ শেষ হয়েছে।

এদিকে প্রায় ২২ কিলোমিটার সড়ক ও ১৮ কিলোমিটার সারফেস ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, যা প্রকল্পের অবকাঠামোগত অগ্রগতিকে আরও দৃশ্যমান করেছে। গণপূর্ত বিভাগ কর্তৃক থানা ভবনের নির্মাণকাজও চলমান রয়েছে।

শিক্ষা ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে প্রকল্প এলাকায় ৬ তলাবিশিষ্ট রাজউক স্কুল অ্যান্ড কলেজ এবং ৪ তলাবিশিষ্ট একটি মসজিদের নির্মাণকাজও সম্পন্ন হয়েছে।

রাজউকের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে অচিরেই ঝিলমিল আবাসিক প্রকল্প রাজধানীর অন্যতম আধুনিক, পরিকল্পিত ও পূর্ণাঙ্গ আবাসিক নগরীতে পরিণত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *