ডলুপাড়ায় সাংগ্রাই উৎসবে মন্ত্রী-এমপির অংশগ্রহণ, সম্প্রীতির বার্তা জোরালো

শামীম হোসেন সিকদার:

পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী উৎসব সাংগ্রাইকে ঘিরে ডলুপাড়া আজ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। উৎসবের প্রধান আকর্ষণ ‘জলকেলি’কে কেন্দ্র করে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এবং স্থানীয় সংসদ সদস্য সাচিংপ্রু জেরী উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই আয়োজন ঘিরে ডলুপাড়ায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। পানি ছিটিয়ে আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে অতীতের দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরের সূচনাকে স্বাগত জানান অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সাংগ্রাই উৎসব পার্বত্য অঞ্চলের বহুমাত্রিক সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য প্রতীক। এই উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয় এবং পাহাড়ে শান্তি ও উন্নয়নের ধারা এগিয়ে যায়।

অন্যদিকে সংসদ সদস্য সাচিংপ্রু জেরী বলেন, সাংগ্রাই কেবল একটি উৎসব নয়, এটি পাহাড়ের মানুষের জীবন-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তিনি ডলুপাড়াসহ পার্বত্য অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উৎসব উপলক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা, ফলে সার্বিক আয়োজন ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। শুভেচ্ছা বিনিময় শেষে অতিথিরা স্থানীয়দের সঙ্গে ঐতিহ্যবাহী খাবার গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাংগ্রাই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও। স্থানীয় সুধীজনরা মনে করছেন, এই উৎসব পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তাকে আরও শক্তিশালী করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *