হাজীগঞ্জ আইটি স্কুল–খানপুর হাসপাতাল সড়কের সংস্কার কাজের উদ্বোধন, নগরবাসীর ভোগান্তি লাঘবের আশ্বাস

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ হাজীগঞ্জ আইটি স্কুল থেকে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জ আইটি স্কুল মোড়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই বহুল প্রত্যাশিত উন্নয়ন কাজের শুভ সূচনা করা হয়।

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা এই সড়কটি নগরবাসীর জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে খানপুর হাসপাতালমুখী রোগী ও তাদের স্বজনদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। সড়কের খানাখন্দ, জলাবদ্ধতা ও যানজটের কারণে প্রতিদিনই দুর্ভোগের চিত্র দেখা যেত। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও অভিযোগের প্রেক্ষিতে অবশেষে এই সংস্কার কাজের উদ্যোগ নেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “নগরবাসীর চলাচল নির্বিঘ্ন ও আরামদায়ক করতে সিটি কর্পোরেশন সবসময় সচেষ্ট। হাজীগঞ্জ আইটি স্কুল থেকে খানপুর হাসপাতাল পর্যন্ত এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সংস্কার সম্পন্ন হলে শুধু এলাকাবাসীই নয়, হাসপাতালে আগত রোগীরাও বড় ধরনের স্বস্তি পাবেন। আমরা নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছি।”

তিনি আরও বলেন, উন্নয়ন কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ সহ্য করা হবে না। জনগণের টাকায় পরিচালিত প্রতিটি প্রকল্পের জবাবদিহিতা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মুকুল, সহ-সভাপতি মীর ইয়ামিন আলী এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আজগর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সুমন, ফতুল্লা ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন টিপু এবং বিশিষ্ট সমাজসেবক ডাঃ রফিকুল ইসলাম

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, ফয়সাল আহমেদ, আব্দুল কাদির এবং যুবদল নেতা শেখ আব্দুল হালিম। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনার পরপরই আনুষ্ঠানিকভাবে সড়ক সংস্কার কাজ শুরু করা হয়। স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, এই সড়কটি সংস্কার সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়কটির সংস্কার কাজে আধুনিক মান বজায় রেখে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, টেকসই পেভমেন্ট নির্মাণ এবং জলাবদ্ধতা নিরসনের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। ফলে ভবিষ্যতে এই সড়কটি দীর্ঘদিন ভালো অবস্থায় থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *