স্টাফ রিপোর্টার:
মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলার সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসী অপসাংবাদিকতা ও হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, মাদারীপুরের ডাসার ও কালকিনিতে অপসাংবাদিকতা বৃদ্ধি পেয়েছে। ডাসারে সাংবাদিকতার নামে মানুষকে ব্ল্যাকমেইল করা হচ্ছে, সাংবাদিকতার নামে চাঁদাবাজি করা হচ্ছে। আমরা এই অপসাংবাদিকতা চাই না। আমরা সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন করিনি। আমরা হলুদ সাংবাদিক এবং ভিউ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করছি।
এ সময় বক্তারা তিনজন কথিত সাংবাদিকের নাম উল্লেখ করে বলেন, আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব ও অপসংবাদ ছড়িয়ে পড়ার মাত্রা উদ্বেগজনক পর্যায়ে বেড়েছে।
এমন প্রেক্ষাপটে অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুস্থ তথ্য প্রচারের দাবিতে সচেতন নাগরিক সমাজ সোচ্চার হয়েছে। আমরা চাই, মাদারীপুরের ডাসার ও কালকিনিতে কোনো অপসাংবাদিকতা করতে দেওয়া হবে না। যারা অপসাংবাদিকতা করবে, আমরা তাদের শক্ত হাতে দমন করব।
বক্তারা আরও বলেন, বিগত সরকারের আমলে সাংবাদিকতার আড়ালে কথিত অপসাংবাদিকরা প্রশাসন ও সাধারণ জনগণকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। মিথ্যা ও ভুয়া সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং মাদক কারবারিদের সহায়তা করা এসব হলুদ সাংবাদিকের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের প্রধান মনির সরদার, মিঠু শিকদার, আব্দুস সালাম সরদার, সাবেক সেনা সদস্য জাকির হাওলাদার, হেলাল বেপারী, ফরহাদ সরদার, রেজাউল বেপারী, শাওন বেপারী, ফজলুল হক সরদার, কামরুল সরদার, কবির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে প্রায় তিন শতাধিক সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।