‘ডিসেম্বরে আওয়ামী লীগ আসবে না’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ডিসেম্বরে আওয়ামী লীগ দেশে ফিরবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। দলটির মধ্যে গণতন্ত্রের চর্চা ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, বাংলাদেশে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। সরকারের হিসাব অনুযায়ী, এ সংখ্যা ২ হাজারের বেশি। তাঁর অভিযোগ, গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি। বরং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে জঙ্গিবাদী আখ্যা দেওয়ার চেষ্টা করেছে।

আওয়ামী লীগের আবার গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ দলটিকে সেই সুযোগ দেবে কি না, তা নিয়ে তাঁর সংশয় রয়েছে। কে কখন দেশে ফিরতে চাইছে, তা নিয়ে সরকার বিচলিত নয় উল্লেখ করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। যে-ই আসুক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আইনের প্রয়োগে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংসদ সদস্যের সন্তান হলেও অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনা ঘটেছে।

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই মন্তব্য করতে চান না তিনি। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জেনে কথা বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *