ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা জামায়াত আমিরের, ‘বাধা এলে দ্বিগুণ শক্তিতে এগোবো’

নিজস্ব প্রতিনিধি: জনগণের অধিকার আদায়ের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ১১ দলের আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হবে। তিনি সতর্ক করে বলেন, “লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তিতে কর্মসূচি গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাই দ্রুত মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অতিরিক্ত মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান তিনি।

এ সময় ১১ দলীয় জোটের পক্ষ থেকে আরও তিনটি লংমার্চ কর্মসূচিও ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর, ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও। তিনি অভিযোগ করেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। গ্যাস, বিদ্যুৎসহ মৌলিক সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, ছাত্রদল আবারও ছাত্রলীগের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হল নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *