নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি বাথরুম থেকে আনুমানিক ২৮ বছর বয়সী এক নারীর ঝুলন্ত রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে বাথরুম পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীরা পানির পাইপের সঙ্গে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার শরীরে রক্তের দাগ ছিল। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পরিচ্ছন্নতাকর্মীরা বাথরুম পরিষ্কার করতে গিয়ে পানির পাইপের সঙ্গে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, নিহত নারীর হাত কাটা ছিল। এ কারণে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এসআই মো. সেলিম আরও জানান, মরদেহ উদ্ধারের জন্য শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।