আন্তর্জাতিক ডেস্ক:
লোহিত সাগর তীরবর্তী ইয়েমেনের বন্দরনগরী মোখার নিয়ন্ত্রণ নিয়ে হুতি বিদ্রোহী ও দেশটির সরকারি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। গত তিন দিনে সংঘর্ষে দেড় শতাধিক সেনা ও হুতি যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া প্রাণ হারিয়েছেন কয়েকজন বেসামরিক নাগরিকও।শনিবার (৫ সেপ্টেম্বর) একদিনেই ৬০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল ও সেনাবাহিনীর একটি সূত্র। বার্তাসংস্থা এএফপিকে সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।ইয়েমেনের সেনাবাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, কয়েক ঘণ্টার টানা সংঘর্ষে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হাসপাতাল ও সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, লড়াইয়ে ৩১ হুতি বিদ্রোহী নিহত হয়েছেন।এদিকে, হাসপাতাল সূত্র জানিয়েছে, তাইজ শহরে হুতিদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ছয় বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তারা সবাই একটি বাসে করে যাচ্ছিলেন।মোখা বন্দরনগরীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।