দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে গুলি, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশে একটি আবাসিক বাড়িতে ঢুকে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে ডারবানের দক্ষিণে কোয়ামাখুথা টাউনশিপে এ হামলার ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার টেলিভিশন সংবাদমাধ্যম ইএনসিএর প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।

স্থানীয় সময় রাত ১১টার আগে একটি আবাসিক বাড়িতে হামলা চালানো হয়। ওই সময় বাড়িটিতে কয়েকজন অবস্থান করছিলেন। অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা বাড়িতে প্রবেশ করে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

হামলায় ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার পর পালিয়ে যাওয়ার আগে বন্দুকধারীরা বাড়ির মালিকের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হামলাকারীদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। তাদের কাউকে শনাক্ত বা গ্রেপ্তারের তথ্যও জানায়নি কর্তৃপক্ষ।

ঘটনার পর পুলিশ হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *