লঞ্চের ভাড়া বাড়ল ৭ দশমিক ৫৪ শতাংশ, ১০০ কিলোমিটারে বৃদ্ধি ২৩ পয়সা

অনলাইন ডেস্ক:

বাসের ভাড়া বাড়ানোর একদিন পর এবার বাড়ানো হলো লঞ্চের ভাড়া। জ্বালানি তেলের দাম ও পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নৌপরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে।

মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয়সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনা করে সরকার ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়িয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

শেখ রবিউল আলম বলেন, ভাড়া বাড়ানো সরকারের কাম্য নয়। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখে সর্বনিম্ন হারে ভাড়া বাড়ানোর চেষ্টা করা হয়েছে। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতা করতে দেওয়া হবে না।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন নৌযান মালিকরা। তারা যাত্রীপ্রতি প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে নৌপরিবহনমন্ত্রীকে চিঠি দেন।

ওই চিঠিতে প্রথম ১০০ কিলোমিটারের জন্য বিদ্যমান ২ টাকা ৯৫ পয়সার পরিবর্তে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে ৪ টাকা ২ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল। অন্যথায় জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারেরও দাবি জানিয়েছিলেন তারা।

এর আগে গত ২২ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দূরপাল্লার বাসসহ রাজধানী ও শহর এলাকায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে বাড়ানো হয়।

এরও আগে গত ৭ মে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছিল। তখন প্রথম ১০০ কিলোমিটার দূরত্বে যাত্রীপ্রতি ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছিল। একই সময়ে সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *