দাখিল নবম শ্রেণির রেজিস্ট্রেশনে ফের সুযোগ, সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক:

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণির (দাখিল পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বিশেষ বিবেচনায় বিলম্ব ফি দিয়ে এসব শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দাখিল দশম শ্রেণিতে অধ্যয়নরত হলেও নবম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারেনি—এমন শিক্ষার্থীদের সংশ্লিষ্ট মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বিলম্ব ফিসহ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে। ফি সিস্টেমে জমা হওয়ার পর নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রির জন্য অনলাইন এন্ট্রি অপশন চালু হবে। এরপর ইএসআইএফের মাধ্যমে শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করতে হবে।

বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত। আর ইএসআইএফে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি ও সাবমিশনের শেষ সময় ২২ অক্টোবর।

তবে বর্ধিত সময়ের মধ্যে শুধু নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য সংশোধন বা মুছে ফেলার সুযোগ থাকবে না।

নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে পরবর্তীতে বাদ পড়া শিক্ষার্থীদের আর রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে বোর্ড।

এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায় সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ, সুপার বা প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *