আবদুল আজিজ:
দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম, অবহেলা, অসদাচরণ কিংবা শৈথিল্যের সুযোগ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। গতকাল সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সিভিক সেন্টারে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, পুলিশের মূল শক্তি হলো শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা ও জনগণের প্রতি অঙ্গীকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিজেদের আচরণ ও কর্মদক্ষতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
প্রত্যেক পুলিশ সদস্যকে নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানাই। তিনি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের মানবিকতা, ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবা করার নির্দেশ দেন। পুলিশ সদস্যদের কল্যাণ ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম, অবহেলা, অসদাচরণ কিংবা শৈথিল্য বরদাশত করা হবে না।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুত সেবা প্রদান এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকার মাধ্যমে জেলা পুলিশের সুনাম ও জনআস্থা আরও সুদৃঢ় করতে হবে। দায়িত্ব পালনে পেশাদারিত্বের পাশাপাশি জনগণের প্রতি মানবিক ও সহানুভূতিশীল আচরণই হবে পুলিশের মূল অঙ্গীকার।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়। একইসঙ্গে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও সাইবার অপরাধসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও আইনানুগ কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়। দায়িত্ব পালনে বিশেষ অবদান, পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে অর্থ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।