দীর্ঘ বিরতির পর ফিরছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ, শিগগিরই চালু হচ্ছে মিতালী এক্সপ্রেস

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেন। দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে একাধিক দফা আলোচনা শেষে ট্রেনটি পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এ বিষয়ে ভারতীয় রেল মন্ত্রণালয় শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের রেল কর্মকর্তারা সম্প্রতি ট্রেন চলাচল পুনরায় শুরুর বিষয়ে বৈঠক করেছেন। ওই বৈঠকে মিতালী এক্সপ্রেস চালুর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে।

রেলপথের নিরাপত্তা পরীক্ষা, কারিগরি যাচাই-বাছাইসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই ট্রেন চলাচলের সময়সূচি এবং টিকিট বিক্রির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপর থেকে দুই দেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ বন্ধ ছিল।

এদিকে, গত সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা প্রদান শুরু করেছে ভারত। সংশ্লিষ্টদের ধারণা, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর ধাপে ধাপে মৈত্রী এক্সপ্রেসবন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচলও পুনরায় চালু করা হতে পারে।

মিতালী এক্সপ্রেস পুনরায় চালু হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী চলাচল, পর্যটন, বাণিজ্যিক যোগাযোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *