দীর্ঘ ২০ বছরের দুর্ভোগের অবসান, নিজস্ব অর্থায়নে ১৫০ ফুট দীর্ঘ কাঠের ব্রিজ নির্মাণে খুশি কলাতলী ইউনিয়নের হাজারো মানুষ

মোঃ আব্দুল গফুর সিকদার:

ভোলা জেলার ৫নং কলাতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবির হাওলাদার বাজারসংলগ্ন উত্তর খালে দীর্ঘ ২০ বছর ধরে একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ছিল এলাকাবাসীর একমাত্র ভরসা। সাঁকোটি ভেঙে বিভিন্ন সময়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু এবং অন্তত ২০ থেকে ২৫ জন আহত ও পঙ্গুত্ববরণ করেন। ফলে খালটি এলাকাবাসীর কাছে দীর্ঘদিন ধরে আতঙ্ক ও দুর্ভোগের প্রতীকে পরিণত হয়।

দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটাতে স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী ও জনসাধারণের উদ্যোগে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে। প্রায় ১৫০ ফুট দীর্ঘ ও চার হাত প্রস্থের এই ব্রিজ নির্মাণের নেতৃত্ব দেন সমাজসেবক মোহাম্মদ মোসলেউদ্দিন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, টানা ২০ দিনের পরিশ্রমে ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হয়। শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিজটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলাতলীর প্রবীণ আলেমে দ্বীন মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কবির হাওলাদার বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী।

এ সময় স্থানীয় ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, বাজারের ব্যবসায়ী ও শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপস্থিত সবাই মিষ্টিমুখ করেন এবং নতুন ব্রিজ দিয়ে পারাপার করে আনন্দ প্রকাশ করেন।

উদ্যোক্তা মোহাম্মদ মোসলেউদ্দিন বলেন, “কবির হাওলাদার বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী সব সময় আমার পাশে ছিলেন। সবার সহযোগিতা ও কষ্টার্জিত অর্থেই এই ব্রিজ নির্মাণ সম্ভব হয়েছে। আমি সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, এই ব্রিজ দিয়ে যেন কোনো ট্রলার বা মোটরসাইকেল চলাচল না করে। তাহলে এটি দীর্ঘদিন টেকসই থাকবে এবং সাধারণ মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, এই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় দেড় শতাধিক মানুষ যাতায়াত করেন। এছাড়া বাজারের উত্তর পাশে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের বসবাস, যাদের জন্য এই ব্রিজটি এখন নিরাপদ যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই খাল পারাপার করতে গিয়ে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া, গর্ভবতী মায়েদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া এবং শিশুদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত—সব ক্ষেত্রেই ছিল সীমাহীন ভোগান্তি।

নতুন ব্রিজ নির্মিত হওয়ায় শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ আনন্দ প্রকাশ করেছেন। তারা বলছেন, এখন থেকে নিরাপদে চলাচল করা সম্ভব হবে এবং জরুরি মুহূর্তে রোগী পরিবহনও অনেক সহজ হবে।

নতুন কাঠের ব্রিজ পেয়ে এলাকাবাসী অত্যন্ত খুশি। তারা বলেন, “যারা নিজেদের অর্থায়নে এই ব্রিজ নির্মাণ করেছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি যারা এ কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। এই ব্রিজ আমাদের দীর্ঘদিনের কষ্ট ও দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে।”

তবে এলাকাবাসীর দাবি, নিজেদের অর্থায়নে ব্রিজ নির্মাণ করা হলেও ব্রিজের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন, ৫নং কলাতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সড়কটি দ্রুত সংস্কার করা হোক।

একই সঙ্গে এলাকাবাসীর আরও দাবি, জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে এখানে একটি স্থায়ী সরকারি ব্রিজ নির্মাণ করা হোক, যাতে হাজারো মানুষের ভোগান্তির স্থায়ী সমাধান হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *