দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কুমিল্লা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি গন্ধমতি এলাকায় বাড়ির পাশের কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল সোয়া ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা সোয়া ১১টার দিকে গন্ধমতি ঈদগাহ মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দুই জানাজায় হাজারো মানুষের সমাগম ঘটে।

অপ্রতিম গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয়। সে কুমিল্লা কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি অপ্রতিম। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (১৯) নামের একজনকে আটক করেছে পুলিশ। পরে বিকেলে আনাস নামের আরও একজনকে আটক করে এসআরবি। ধারণা করা হচ্ছে, আইফোনটি নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

ঘটনার বিষয়ে রোববার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *