মোহাম্মদ হোসেন হ্যাপী:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ জানান, এবার নারায়ণগঞ্জ জেলায় ২৩৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। বর্তমানে বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলমান রয়েছে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে জেনারেটর, সিসিটিভি ও স্বেচ্ছাসেবক রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। গত বছর ৭০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করলেও এবার ৭৫০ জন পুলিশ সদস্য সাদা পোশাকে ও ইউনিফর্মে দায়িত্ব পালন করবেন। দুর্গাপূজার সময় চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশের বিশেষ টহল টিম কাজ করবে। এছাড়া প্রতিমা তৈরির সময় এবং প্রতিমা স্থানান্তরের সময় মোবাইল টিমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সভায় জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা নেই। দুর্গাপূজার অনুষ্ঠান যাতে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে।